রফতানি আয়ের নতুন সঙ্গা চেয়েছে ই-ক্যাব
ক্রস বার্ডার ই-কমার্স সম্ভাবনাকে কাজে লাগাতে রফতানি আয়ের নতুন সঙ্গা চেয়েছে ই-ক্যাব। ক্রস বর্ডার ই-কমার্স নিয়ে ৪টি দাবিসহ মোট ৬টি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠনটি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথসভায় ই-কমার্সে পেমেন্ট ও ক্রস বর্ডার ই-বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় লিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ই-ক্যাবের পক্ষ থেকে অংশ নেন ই-ক্যাবের ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আবদুল হক অনু, ডিরেক্টর আশীষ চক্রবর্তী ও ই-ক্যাবের ডিজিএম নাহিদ হাসান রিজভী।
বৈঠকে সংগঠনের স্টান্ডিং কমিটির পরামর্শ অনুযায়ী ক্রস বর্ডার ই-কমার্সের ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড অনুযায়ী এলসির প্রয়োজনীয়তা প্রত্যাহার, ক্রস বর্ডার ই-কমার্সে বিদেশে পন্য প্রেরণে প্রণোদনা ও রফতানী সুবিধা, রফতানী আয়ের সংজ্ঞা পরিবর্তন, আভ্যন্তরীণ বিতরণকৃত সেবার বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রাকে রফতানী আয় হিসেবে গণ্য করাসহ ক্রসবর্ডার ই-কমার্সে নন ডেলিভারী পণ্য নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও ই-কমার্সে বৈদেশিক বিনিয়োগে দেশের স্বার্থ ও স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা রেখে সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং ই-কমার্সে অর্থপ্রদান ব্যবস্থায় ইন্টারঅপারেবিলিটি চালুর মাধ্যমে ই-বাণিজ্যকে ট্রাভেল কোটা থেকে আলাদা করে পৃথক ডিজিটাল কর্মার্স কোটা চালু করে দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থরক্ষা বান্ধব অনুশাসন দাবি করেছে সংগঠনটি।